A Visit to Riyasat E Hind, Kolkata

বালিগঞ্জের কোয়েস্ট শপিং মল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই নতুন রেস্তোরাঁ। দরজা দিয়ে ঢুকতেই মনে হবে কলকাতা শহরেই কোনো রাজকীয় ঘরানায় এসে পৌঁছেছি। রেস্তোরাঁ টির সাজসজ্জা যথেষ্ট নজর কাড়ার মতোই। বসার জায়গা টি তিন ভাগে বিভক্ত, পছন্দসই জায়গা চয়ন করে বসে পরলেই হলো । বর্তমানে এনারা বাগান লাগোয়া আরও একটি বসার জায়গা শুরু করেছেন, সেই জায়গাটি যথেষ্টই প্রশংসার দাবি রাখে।

এনাদের খাদ্যতালিকায় উত্তর ভারতীয়, চাইনিজ ও মোঘলাই পদ সমান ভাবে জায়গা করে নিয়েছে।

স্টার্টার এ নিয়েছিলাম দুরকম চাইনিজ পদ ও ৪ রকম মোঘল পদ। বস্তুত এনাদের প্রত্যেকটি পদের পরিবেশনের ধরন যথেষ্ট প্রশংসার দাবি রাখে।
এবার শুরু করা যাক চাইনিজ স্টার্টার দিয়ে –

১. American Corn Salt & pepper : কর্ন গুলো ব্যাটারে ডুবিয়ে ডীপ ফ্রাই করে বেল পেপার ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে একটি পাঁপড় এর মধ্যে পরিবেশন করা হয়। স্টার্টার হিসেবে বেশ মুখরোচক।

২. Crispy Spinach Chicken : একটি পাঁপড় এর ওপর শাক ছড়িয়ে তার মধ্যে এটি পরিবেশন করা হয়। এটি পরিমাণে বেশ অনেকটাই পরিবেশন করে। খেতে ও বেশ ঝাল ঝাল।

এবার আসা যাক কাবাব পর্বে। শুরুতেই –

Chatpata Aloo : ছোট আলুর মধ্যে মশালা স্টাফিং করে তারপর সেটাকে তন্দুর করে গ্রিলড টমেটো আর ক্যাপসিকাম সহযোগে পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করা হয়। এটির স্বাদ এর নামের মতোই সামঞ্জস্য পূর্ণ।

Achari Paneer Tikka : মাঝারি সাইজের পনীর এ মশালা মাখিয়ে সেটিকে তন্দুর করে পুদিনা চাটনি সহযোগে পরিবেশন করা হয়। পনীর পিস গুলো খুবই নরম এবং ভেতরে মশালা একদম ঠিকঠাক ঢুকেছে।

Murgh Sholay Kabab :  এই বিশেষ কাবাব টির স্বাদ শোলে সিনেমার মতোই অন্যরকম। অন্যান্য কাবাবের তুলনায় এটি একটু সফট হয়। তবে সঙ্গে তন্দুরি রুটি পেলে পুরো জয় – ভিরুর জুটি হয়ে যায়।

Murgh Malai Kabab : এই কাবাবটি চিজ, ক্রিম, দই এবং মশালা  সহযোগে তৈরি করা হয়। প্রত্যেকটি কামড়ে মালাই এর ভরপুর স্বাদ পাওয়া যায়। চিকেন বিরিয়ানির সাথে এটিকে সাইড ডিশ হিসেবেও খাওয়া যায়।


এবার আসা যাক মেন কোর্সে । শুরুতেই হাজির

Kadai Chicken & Laccha Paratha : কড়াই চিকেন এর গ্রেভি টি  অতি চমৎকার খেতে। একটু ঝাল ঝাল ভাব ছিল কিন্তু লাচ্ছা পরোটা দিয়ে খাওয়ার সময় দুটো মিলেমিশে বেশ ভালো খেতে লাগছিল।

এরপর এলো যেটা না আসলে পেট ও মন কোনটাই ভরে না।

Chicken Biriyani : একটা বড় লেগ পিস এবং একটি মাঝারি সাইজের আলু কে সঙ্গী করে হাজির আমাদের বিরিয়ানি। চালের কোয়ালিটি বেশ ভালো। আলু এবং মাংসের মধ্যে বিরিয়ানির ফ্লেভার টা একদম ঠিকঠাক ঢুকেছে। মাংস টিও ভালো সেদ্ধ হয়েছে এবং সুস্বাদু ‌।

এরপরেও ছিল ডেজার্ট। ডেজার্ট এ হাজির-

Darshaan With Icecream : দর্শনের সাথে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম পরিবেশিত হয়েছিল। দর্শন গুলি খুবই মুচমুচে। আইসক্রিম সহযোগে খেতেও বেশ দারুন লাগছিল।

এখানে দুজনে খাওয়ার খরচ পড়বে আন্দাজ ৯০০-১০০০ টাকা।

Riyasat-e-Hind Menu, Reviews, Photos, Location and Info - Zomato

Leave a comment